প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩
ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজ/ ফাইল ছবি
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।
সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার এই তিনজন এজাহারভুক্ত আসামি নয়। তবে এই তিনজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন এবং সিসি ক্যামেরাতেও তাদের গতিবিধি দেখা গেছে।
বনানী থানার ওসি আরও বলেন, সোমবার ভোরে মহাখালী ওয়ারলেস গেটসহ আশপাশে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।