এম, এ কাশেম জেলা প্রতিনিধি ‘দিনকাল বিড’ চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীর এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে শুরুতে এশিয়ান পেইন্টসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালান।, পরে দ্রুত তাদের সাথে যোগ দেন মীরসরাই ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
ঘটনাস্থলে উপস্থিত মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, ‘এশিয়ান পেইন্টসের ৩ নং ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মীরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনত সক্ষম হয়। এ সময় তাদের সাথে গিয়ে যোগ দেয় বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। আগুনে ওই ফ্লোরে রক্ষিত কেমিক্যাল ও রং পুড়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, তাদের এক্সপার্ট টিম এসে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে।’
এ বিষয়ে জানতে চাইলে এশিয়ান পেইন্টসের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) জাহেদ হাসান বলেন, সকালে কারখানার তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের একটি টিম পরিদর্শনে করবে, তারপর বিস্তারিত জানানো হবে।’