আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি
ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল পাচার সন্দেহে চারজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাছের খাদ্যের বস্তায় মোড়ানো ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁচিনা ইউনিয়নের তামাট বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা এ সময় তিনটি ভ্যানে করে বস্তাগুলো পাচার করছিলেন। আটককৃতরা হলো ওই এলাকার ভ্যানচালক আব্দুর রশিদ (৫০), ইমান আলী (৫৫), আসাদুল (৩৮) ও কুদ্দুস (৬০)।
স্থানীয় চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, দুপুরে তিনটি ভ্যানে করে ২৫টি মাছের খাদ্যের বস্তায় চাল নিয়ে যাচ্ছিলেন আটকরা। তাদের গতিবিধি দেখে সন্দেহ করে স্থানীয় লোকজন। এরপর ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, চালগুলো গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছে। তবে কার কাছ থেকে চালগুলো আনা হয়েছে এবং গাজীপুর কার কাছে যাবে, তা তারা বলতে পারেনি।
ভালুকা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মাসুদ আলম ফরহাদ জানান, গত সেপ্টেম্বর মাস থেকে উপজেলার সর্বত্রই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। কাচিনা ইউনিয়নে চারজন ডিলার চাল বিক্রি করছেন। কিন্তু জব্দকৃত চালগুলো সরকারি কিনা, তা দেখলে বুঝা যাবে ।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, জব্দ করা ২৫ বস্তা চালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।