আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার হবিরবাড়ী শিল্পাঞ্চলের জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা টিনশন ফি বন্ধের দাবিতে গতকাল সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় পৌনে এক ঘন্টা অবরোধ করে রাখে। এতে ফোরলেন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দুরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির ব্যাপারটি নিয়ে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, ক্লাসের সময়সীমা সকাল ১০টা হতে বিকেল ৪টার পরিবর্তে দুই ঘন্টা বাড়িতে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত করা হয়। আর অতিরিক্ত দুই ঘন্টার টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার টাকা নেওয়া হচ্ছিল। ওই টিউশন ফি’র বিষয়টি আগে থেকেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হয়েছিল। কিন্তু একটি মহল শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাদেরকে উস্কে দেয়। পরে তারা ক্ষুব্ধ হয়ে সকালে মহাসড়ক অবরোধ করে। এদিকে কোনো কোনো শিক্ষার্থী ও অভিভাবকরা বলেছেন, টিউশন ফি’র ব্যাপারটা নিয়ে আগে কোনো আলোচনা করেনি ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শিক্ষক মিতা জানান, ক্লাশ শুরু এবং শেষ নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগে ও পরে দুই ঘন্টা শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হবে। এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়েই করা হয়েছিল।
প্রধান শিক্ষক মোখলেছুর রহমান জানান, অতিরিক্ত দুই ঘন্টা পাঠদান এবং এর জন্য টিউশন ফি বাবদ ১ হাজার টাকার বিষয়টি অভিভাবকদের সাথে আলোচনা করেই নির্ধারণ করা।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির কথাগুলো শুনেন এবং তাদের দাবি যাতে মেনে নেওয়া হয় সে ব্যাপারে শিক্ষকদেরকে নির্দেশ দিবেন বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হয়।