খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের আব্দুস ছালাম (৫০) নামের আরো একজনকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সে সান্তাহার চা বাগান এলাকার জনাব আলীর ছেলে। গত সোমববার (২১ আগষ্ট) রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ট্রেনের টিকিট কালোবাজরী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হলো।
সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারনের কাছে কালোবাজারীর মাধ্যমে বিক্রি কালে ৫টি টিকিটসহ সুমন হোসেনকে এবং পরদিন গত সোমবার ওই চক্রের সদস্য আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।#