বাগেরহাট প্রতিনিধি ।।
সুন্দরবনে মানুষের মাথা নিয়ে বসে আছে বাঘ কথাটি শুনলে মনে হয় কাল্পনিক কোন গল্প । এটি গল্প না এমনই ঘটনা ঘটেছে পূর্ব সুন্দরবনে ।
বাবা ৫ দিন আগে সুন্দরবনে গিয়েছিলেন মাছ শিকারের জন্য । বাড়ি ফিরে জানতে পারেন কাঁকড়া ধরতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন ছেলে । তাকে খুঁজতে লোকজন নিয়ে সুন্দরবনে যান বাবা । গিয়ে দেখেন মানুষের মাথা মুখে নিয়ে বসে আছে একটি বাঘ । পরে বাঘ তাড়িয়ে সেই মাথা উদ্ধার করা হয় ।
রবিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ক্ষতবিক্ষত ওই মাথাসহ ছেলের পরনের কাপড়চোপড় উদ্ধার করে এলাকাবাসী ।
বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
নিহত জেলে ২২ বছরের শিপার হাওলাদার শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। গত বুধবার পূর্ব সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি ।
পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার বলেন, শিপার গত বুধবার ভোলানদী পাড় হয়ে কাঁকড়া ধরতে একা সুন্দরবনে প্রবেশ করে । তার আগের দিন শিপারের বাবা ফারুক হাওলাদার বন বিভাগের ধানসাগর স্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান ।
শনিবার ফারুক বাড়ি ফিরে জানতে পারেন তার ছেলে শিপার চার দিন ধরে নিখোঁজ । পরে বাড়ির কাছাকাছি সুন্দরবনে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে এলাকাবাসীকে জানান তিনি ।
ইউপি সদস্য জানান, আজ রবিবার সকালে ফারুকের নেতৃত্বে প্রায় ৫০ জন লোক যান সুন্দরবনে । খোঁজাখুঁজির একপর্যায়ে তারা তুলাতলা খাল এলাকায় একটি বাঘকে মানুষের মাথা নিয়ে বসে থাকতে দেখেন । এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘটি তাড়িয়ে ক্ষতবিক্ষত মাথাটি উদ্ধার করে । মাথাটি শিপারের মাথা চিহ্নিত করে গহিন বনে তল্লাশি করে শিপারের পরনের কাপড়চোপড়ও উদ্ধার করেন তারা । এলাকাবাসীর ধারণা, বাঘ আগেই শিপারের সম্পূর্ণ দেহ খেয়ে ফেলেছে ।
বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘শিপারের বাড়ি সুন্দরবনসংলগ্ন হওয়ায় তিনি বন বিভাগের অনুমতি না নিয়েই একা বনে প্রবেশ করেছেন । সকালে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তার মাথা উদ্ধার করে নিয়ে আসার পর আমরা ঘটনাটি জানতে পারি ।’
তিনি আরও বলেন, ‘ভোলা নদী মরে যাওয়ার কারণে এ পথে রাতে এলাকাবাসী অনেকেই বন বিভাগের অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন ।’ #