জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ মাদারগঞ্জ আসনের সাংসদ মির্জা আজম এমপি বলেছেন, ‘যে কোন জাতিকে গড়ার জন্য প্রথম যাঁরা কাজটি করেন, তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকরাই জাতি গঠন করেন।’
তিনি আরো বলেন, কাদামাটি থেকে একটা সুন্দর মূর্তি বানাতে যেভাবে সহযোগিতা প্রয়োজন, তেমনি একটা শিশুকে লালন পালন করে মানুষে রূপান্তর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাজটি করেন শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেলান্দহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমন্ডলীর সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (৪ অক্টোবর) মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করে মেলান্দহ উপজেলা পরিষদ।
এ সময় মির্জা আজম মেলান্দহ, মাদারগঞ্জ ও জামালপুরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর-৩ আসনে একাধারে ছয় বারের নির্বাচিত এই সাংসদ আগামী মেয়াদে আবারো নির্বাচিত হলে শিক্ষক, রাজনীতিবিদ ও সকলের সহযোগিতা নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও সকল শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি জিএম মিজানুর রহমান, হাজী দিদার পাশা, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সাঈদ সাদা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও পূর্ব বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া ইয়াসমিন এবং জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও চরবানী পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমূখ। #