বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা । এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে । বৃহস্পতিবার রাতে শাহিনুর বেগমকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
এ ঘটনায় উভয় পক্ষের গুরুত্বর জখমীরা হলেন, জাকির হোসেন তালুকদার (৫০), তার ছেলে রবিউল ইসলাম তালুকদার (২৫), মন্টু তালুকদার (৪৮), পল্টু তালুকদার (৩৫), নান্টু তালুকদার (২৭) সহ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার জানান, প্রতিবেশী চাচাতো ভাই মন্টু তালুকদারের সাথে সিমানা বিরোধের জের ধরে এ হামলা চালায় । এর পূর্বে বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামে মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে । নিহত শাহিনুর গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছে । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।