আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভারসাম্যহিন অজ্ঞাতনামা (৫৫) এক নারীর বিবস্ত্র মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে পুলিশ। গত ৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৭টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কারিমা পাড়া বুড়িমারা মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৫৫ বছর বয়সের অজ্ঞাত ভারসাম্যহিন ওই নারী বেশ কিছুদিন যাবত কুন্দগ্রাম বাজার এলাকায় আসে। সে বিভিন্ন দোকান ও মানুষের কাছে খাবার নিয়ে খেত এবং খোলা জায়গায় রাত কাটাতো। গত শনিবার সকাল থেকেই ওই নারীকে আর চোখে পড়েনি। কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মাঠে ধান কাটা শ্রমিক কারিমা পাড়া বুড়িমারা মাঠের ধান ক্ষেতে বিবস্ত্র অবস্থায় উপড় হয়ে অজ্ঞাত নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয়। এরপর থানা পুলিশকে সংবাদ দেয়ার পর রাত সাড়ে ৭টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, অজ্ঞাত নারী ভারসাম্যহিন ছিল বলে স্থানীয়রে নিকট জানাযায়। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। তার মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তার ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। #