মান্দা (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এক বিএনপি নেতাসহ ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে রয়েছেন ৪জন প্রার্থী। জানা গেছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মাহফুজ রহমান নয়ন, সাবেক এমপি পুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার।
অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এরশাদ আলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহিদুল ইসলাম ও উত্তম কুমার সরকার এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে মোমেনা খাতুন, মাহবুবা সিদ্দিকা রুমা, আরফানা বেগম ফেন্সি ও সন্ধ্যা রানী দে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবীর বলেন, রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। এসব প্রার্থীদের মধ্যে আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী ৫ জুন চতুর্থ ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।