নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :: লক্ষ্মীপুর জেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রাশেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। খবর বাসস’র।
চট্টগ্রামে নিয়োজিত র্যাব–৭ গতকাল শুক্রবার জানায়, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা সদরের ঝুমুর মোড়ে লক্ষ্মীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নের্তৃত্বে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদ সহ প্রায় দুই শ’ সন্ত্রাসী সমাবেশে হামলা চালিয়ে শিক্ষার্থী আফনানকে হত্যা করে। শতো শতো ছাত্র- জনতা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারী সাব্বির (২৭) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুরবণ করে। আসামিরা মিছিলে অংশগ্রহণকারী ছাত্র ওসমান গণি ও শিবলু সহ মোট ৫ জনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এ ছাড়া ও, আসামিরা ছাত্র-জনতার ওপর লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে হালা করে অনেককে মারাত্মক জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
নিহত সাব্বিরের পিতা বাদী হয়ে গত ১৪ আগস্ট লক্ষ্মীপুর সদর থানায় ৯১ জন এবং অজ্ঞাত নামা প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদকে (৩৫) আটক করেছে। তাকে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।