এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌর এলডিপির নেতারা।
ড. অলি আহমদের চন্দনাইশের বাসভবনে সাক্ষাত ও মতবিনিময় করেন তারা।
ড. অলি আহমদ বলেন, দেশ কারও বাপের নয়, এ দেশ সবার। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের সমান অধিকার রয়েছে, রক্তে পার্থক্য নেই।
তিনি আরো বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার একটি কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন কেউ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে, তাকে আইনের হাতে তুলে দেবেন। যে কোনো প্রয়োজনে আমি, আমার ছেলে ও এলডিপির নেতা-কর্মীকে পাশে পাবেন। কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, পৌর সভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, উপজেলার সাধারণ সম্পাদক আয়ুব আলী, সহ সভাপতি মনসুর সওদাগর, সেলিম চৌধুরী, গাজী আমির হোসেন, মোঃ শাহ আলম, আবদুর রশিদ, মোঃ বেলাল উদ্দিন, খোরশেদ আলম, জসিম জসিম, আলমগীর হোসেন ও কামাল উদ্দিন প্রমুখ।