এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে বাল্যবিয়ের পিঁড়িতে বসতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছেন সুশান্ত নাথ (৩০) নামের এক ভারতীয় নাগরিক । তিনি কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার চাঁদরা এলাকার পতি কান্ত নাথের পুত্র বলে সূত্রে জানা গেছে। পরে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ দেয়া হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকায় লক্ষণ চন্দ্রনাথের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই কিশোরী স্থানীয় বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় বিয়ের মূল আয়োজনকারী ছেলের খালা দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তার খালা দিপালী বালা নাথের মাধ্যমে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষণ চন্দ্রনাথের মেয়ের সাথে মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়ের বাবা-মা ও ছেলের খালা পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তারা আসতে বাধ্য হন। এ সময় বিয়ের মূল পরিকল্পনাকারী ছেলের খালা দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ প্রদান করেন প্রশাসন।
এ সময় ভারতীয় নাগরিক সুশান্ত নাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ ও দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তিনি বিয়ের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। কিন্তু, এ দেশীয় আইন অনুযায়ী মেয়ের বিয়ের পর্যাপ্ত বয়স না হওয়ায় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ছেলেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার দেশে চলে যাওয়ার জন্য ও আদেশ দেয়া হয়।
এ ছাড়া ও এ বিয়ের মূল পরিকল্পনাকারী দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।