মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত চকউলী গ্রামের গুলবার ও সাবিনা দম্পতির জীবনে নেমে এসেছিল চরম দুর্দশা। দুজনই শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। ভাঙা টিনের ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চলছিল তাদের দিনযাপন। বর্ষার সময় ঘরের ছাউনি দিয়ে পানি ঝরলে কখনো কখনো মাথায় পলিথিন দিয়ে রাত কাটাতে হতো এই অসহায় পরিবারটির।
একটি বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে তাদের দুঃসহ জীবনের খবর প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর উদ্যোগে ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, নওগাঁর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। স্থানীয় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের সহযোগিতায় গুলবার-সাবিনা দম্পতির ভাঙা ঘরের পাশে নতুন একটি পাকা টিনের ঘর নির্মাণ করে দেয়া হয়।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের হাতে তুলে দেয়া হয় দুই বস্তা শুকনো খাবার চাল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ।
গত ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী গুলবার ও তার স্ত্রী সাবিনা নতুন ঘরে উঠেই চোখে আনন্দাশ্রু নিয়ে বলেন, “জীবনে কখনো ভাবিনি নতুন ঘরে থাকতে পারব। আল্লাহ প্রশাসনের সবাইকে ভালো রাখুন।”
উদ্যোমী কিছু স্থানীয় যুবক ও প্রতিবেশীর সহায়তায় যাদের দুর্দশা প্রকাশ পায়, সেই সহযোগিতার ধারাবাহিকতায় এবার প্রশাসনের উদ্যোগে নতুন ঘর ও খাদ্য সহায়তা পেয়ে আবারও বেঁচে থাকার আশা ফিরে পেয়েছে এই অসহায় পরিবারটি।