সোহেল রানা, যশোরঃ যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফুটবলের ফাইনাল খেলা দেখে আনন্দ করতে গিয়ে রাকিব হোসেন ২৫ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়।ফ্রান্সের সাথে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় রাকিব আনন্দ করতে গিয়ে পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে বেইলি ব্রিজের উপর পড়েন।
ওই সময় পিঠে রড বিধে মারাত্মক জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাকিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।