বাগেরহাট প্রতিনিধি ।।
জীবিত অবস্থায় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। কিন্তু মৃত্যুর পরও যেন তাকে নামতে হলো নির্বাচনী মাঠে। বাগেরহাটে প্রয়াত এক নেতার নামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক হাস্যরস । সাধারণ মানুষ একে রাজনৈতিক দেউলিয়াত্ব ও ভোটারদের সঙ্গে তামাশা বলে মন্তব্য করছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় দেখা যায়, বাগেরহাট থানা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত সাবু বেগের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বড় আকারের ব্যানার টানানো হয়েছে। ব্যানারগুলোতে সরাসরি ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যা একজন প্রয়াত ব্যক্তির নামে হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, মৃত মানুষ কিভাবে ভোট চাইতে পারেন? এটি আবেগকে পুঁজি করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
তাদের মতে, নির্বাচনী প্রচারে সাধারণত প্রার্থীর বর্তমান পরিচয় কিংবা দলের শীর্ষ নেতাদের ছবি ব্যবহৃত হয়। কিন্তু একজন পরলোকগত নেতার নামে ভোট চাওয়ার ঘটনা রাজনৈতিক শিষ্টাচার ও নৈতিকতার পরিপন্থী।
পথচারী ও সাধারণ মানুষের অনেকেই ব্যানারটি দেখে হতভম্ব হয়ে পড়েন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বর্তমান নেতৃত্বের ঘাটতি ঢাকতেই কি প্রয়াত নেতার ভাবমূর্তি ব্যবহার করা হচ্ছে?
সচেতন মহলের ভাষ্য, রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, মৃত মানুষকেও যেন শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। তাদের মতে, ভোট চাইবে জীবিতরা কিন্তু ব্যানারে দেখা যাচ্ছে মৃত মানুষ ভোট চাইছেন—এটা কি রাজনীতি, না কি মস্করা?
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।