বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে পৈত্রিক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত একটি মুদি দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমানের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দোকান মালিক ও ভাড়াটিয়া।
অভিযোগকারী শেখ মাহবুবুর রহমান জানান, সদর উপজেলার ৬ নম্বর যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারের সুপারীহাট সংলগ্ন এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তির ওপর একটি মুদি দোকান রয়েছে। প্রায় ২০ বছর ধরে দোকানটি শেখ এনামুল হকের কাছে ভাড়া দেওয়া আছে। নিয়মিত ভাড়া গ্রহণ ও সম্পত্তির ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন তিনি।
মাহাবুবুর রহমানের অভিযোগ, সোমবার রাতে সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমান কয়েকজন সহযোগীকে নিয়ে দোকানের সামনে এসে এটি ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহারের কথা বলেন এবং ভাড়াটিয়াকে এক দিনের মধ্যে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
দোকানের ভাড়াটিয়া শেখ এনামুল হক জানান, প্রায় ১৭ বছর আগে তিনি লিটন ও বাবুর কাছ থেকে বৈধভাবে ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে সেখানেই ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ কিছু লোক এসে দাবি করে, আগে সেখানে ছাত্রদল ও যুবদলের অফিস ছিল। পরে মিজান নামে একজন তাকে এক দিনের মধ্যে ঘর ছাড়ার নির্দেশ দেন।
এ বিষয়ে এলাকাবাসীর কয়েকজন জানান, যতদূর তারা জানেন, ঘরটি লিটন ও বাবুদের পৈত্রিক সম্পত্তি এবং ১৬-১৭ বছর ধরে সেখানে মুদি দোকান চলছে। আগে সেখানে কী ছিল, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
অভিযোগ অস্বীকার করে শেখ মিজানুর রহমান বলেন, প্রায় ২০ বছর আগে জায়গাটিতে ঘর তুলতে না পারায় তাদের সহযোগিতায় ঘর নির্মাণ করা হয়। বিনিময়ে একটি ঘর দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এখন তারা সেই ঘরটি বুঝে নিতে গেছেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানা ওসি অপারেশন শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।