মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি,
সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য-শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের খনন কর্মসূচীর উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার এই খাল খনন করা হচ্ছে।
ভূমিমন্ত্রী বলেন, ‘নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্যে নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।’
মন্ত্রণালয়ের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি জনসমক্ষে সব বলবো না, তবে আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব। কোনো অনিয়ম দুর্নীতি যাতে না থাকে সেজন্য আমরা কাজ করছি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনারা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করেন না। আপনারা ফোর্স দিয়ে অপরাধী ধরেন, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।’
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু।
এছাড়াও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।