মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর মান্দায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ অপূর্ব কুমার ওরফে অপু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর সন্ন্যাস তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব কুমার ভারশোঁ মধ্যপাড়া গ্রামের মৃত সয়ন চন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজন খান, এএসআই সোহেল রানা ও এএসআই তারিকুল ইসলাম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩০ পিস ইয়াবাসহ অপুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।’