নওগাঁ প্রতিনিধিঃ
দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে এক প্রচার ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর মান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
জনতা ব্যাংক পিএলসি নওগাঁর উপ-মহাব্যবস্থাপক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম বাবরা হ্যামলিন। এসময় গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি মান্দা শাখার ম্যানেজার দেওয়ান মোঃ বদরুদ্দোজা ।
জনতা ব্যাংক পিএলসি দেলুয়াবাড়ি শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালা বিষয়ক মূল প্রবন্ধ ও তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার কৃষি ঋণ বিভাগের সহকারী পরিচালক মো. রাকি মিয়া। উপস্থাপনায় তিনি উত্তরবঙ্গকেন্দ্রিক বিশেষ কৃষি তহবিল ও ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের বিভিন্ন ইতিবাচক দিক বিস্তারিত তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা বলেন, এ ধরনের পুনঃ অর্থায়ন সুবিধা উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়া সহজ শর্তে এই তহবিল থেকে ঋণ সুবিধা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।
কর্মশালায় স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় প্রান্তিক কৃষক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।