সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী সপ্তম উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬ শেষ হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প ফায়ারের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে ইউএনও মো. শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ।
এ সময় স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়াসহ পাঁচজন সহকারী কমিশনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আকরাম আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ উপস্থিত ছিলেন।
উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল এ সমাবেশে অংশ নেয়। পাঁচ দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে তারা ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।