খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে গভীর রাতে শয়ন ঘর থেকে মোবাইল ফোন চুরির দুই মাস পর পুলিশ চোরাই দুইটি মোবাইল ফোনসহ হানিফ সরদার (২৬) নামের এক মোবাইল চোরচক্রের সদস্যকে গ্রেফতার করেছে। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় আদমদীঘির ডুমুরীগ্রাম তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ সরদার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের ডুমুরী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ জুলাই রাতে আদমদীঘি উপজেলার জয় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী উপজেলার ডুমুরী গ্রামের এমএ কাশেমের বাড়িতে চোরচক্র প্রাচীর টপকিয়ে প্রবেশ করে তার ছেলে জয় এর ব্যবহৃত সিমকার্ডসহ একটি রেলমি সি-১১ ও মেয়ে কলেজ ছাত্রী সাদিয়া আফরিন কেয়ার ব্যবহৃত সিমকার্ডসহ একটি আইফোন-৭-প্লাস দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় এমএ কাশেম বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ প্রযুক্তি ব্যবহার করে চোর ও অবস্থান সনাক্ত করার দুই মাস পর গত সোমবার রাতে মোবাইল ফোন চোরচক্রের সদস্য হানিফ সরদারকে তার বাড়ি থেকে গ্রেফতার ও উল্লেখিত চোরাই দুটি মোবাইল ফোন ও একটি সিমমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।#