এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রবাস ফেরত দুই ছেলের হাতে খুন হয়েছেন নুরুল হক চৌধুরী নামে এক বৃদ্ধ।
ঘটনার পর থেকে দুই ছেলে-ই পলাতক রয়েছে।
পলাতক উক্ত দুই ছেলে হলো-নেজাম উদ্দিন (৩৫) ও মিজানুর রহমান (২৪)।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের শাহমীরপুর ঘোয়াল বাপের এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
সূত্র জানায়, পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে প্রবাস ফেরত দুই ছেলের হাতে নুরুল হক চৌধুরী খুন হন। হন্তারক দুই ছেলে-ই গত সপ্তাহে প্রবাস থেকে দেশে ফিরেছিলো। দেশে আসার পর থেকে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল বাপ-ছেলের মধ্যে।
এ নিয়ে একাধিকবার ঝগড়াঝাটি ও হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে, এমন একটি তথ্য পেয়েছি। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান দেন তিনি