খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
ঝিনাইদহে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে গোশত বিতরণের জন্য নেয়া ৪শ’ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করেছে জাহেদী ফাউন্ডেশন। সন্ত্রাসী হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বুধবার (২৮ মে) গণমাধ্যমকে জানানো হয়েছে।
বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১ সাল থেকে জাহেদী ফাউন্ডেশন প্রতিবছর ঝিনাইদহে অস্বচ্ছল পরিবারের মাঝে পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী এবং কোরবানী ঈদে মাংস বিতরণ করে আসছে। জাহেদী ফাউন্ডেশনের এই মহতী কার্যক্রম ঝিনাইদহ তথা সারা বাংলাদেশেই সমাদৃত। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের রমজান মাসেও প্রায় ৫০ হাজার অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় জাহেদী ফাউন্ডেশন এ বছরেও কোরবানীর ঈদে ঝিনাইদহ জেলায় কোরবানীর মাংস বিতরণ কর্মসূচি-২০২৫ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছর প্রায় ৪০০ টি গরু কোরবানি করার প্রস্তুতি নেওয়া হয়েছিল যার মধ্যে গরু ক্রয় এবং স্থানীয় কসাইদের সাথে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন শেষ হয়েছে।
কোরবানীর এই মাংস বিতরণ কর্মসূচি যেন সুশৃঙ্খলাভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে জাহেদী ফাউন্ডেশনের সামগ্রিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে এসেছিল। তবে বেশ কিছুদিন ধরেই কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যমে এই কর্মসূচি বন্ধ করার জন্য অপচেষ্টা চালিয়ে আসছিল। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আজ ২৭-০৫-২০২৫ তারিখে আনুমানিক দুপুর ০১:০০ ঘটিকায় প্রায় ২৪-২৫ টি মোটর সাইকেল নিয়ে ৫০ এর অধিক ব্যক্তি হকিস্টিক, রামদা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জাহেদী ফাউন্ডেশনের কোরবানীর মাংস বিতরণের জন্য নির্ধারিত স্থান “ কিংশুক ইট ভাটায়” একটি অতর্কিত সন্ত্রাসী মহড়া চালায়। সেসময় সন্ত্রাসীরা ডেকোরেটরের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়, অশ্রাব্য গালিগালাজ করে এবং এই এলাকায় কোরবানীর মাংস বিতরণ কর্মসূচি না করার জন্য হুমকি প্রদান করে। আমরা মনে করি এই অস্ত্রের মহড়া ও হুমকির পেছনে কিছু কুচক্রী মহল তাদের কোনো অশুভ ফায়দা হাসিলের চেষ্টা করছে।
উদ্ভূত এ ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে এবং যে কোন ধরণের অনভিপ্রেত ঘটনা উপেক্ষা করতে জাহেদী ফাউন্ডেশন এ বছর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানীর মাংস বিতরণ কর্মসূচি স্থগিত ঘোষণা করছে। অনাকাঙ্খিত এই ঘটনায় আমরা আন্তরিকভাবে মর্মাহত। এ বিষয়ে ইতোমধ্যেই ঝিনাইদহ সদর থানায় অভিযোগপত্র প্রদান করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে জাহেদী ফাউন্ডেশন কর্তৃক কোরবানীর মাংস বিতরণের পরবর্তী সিদ্ধান্ত সকলকে অবগত করা হবে।