নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্হানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও স্থানীয় নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কাউন্সিল, নিয়ামতপুর থানাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বাংলাদেশ মানবাধিকার কমিশনে নিয়ামতপুর শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমূখ।
এ দিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলিয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল ইউনিয়নে, স্কুল ও কলেজ পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।