নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ ইটাপাড়া গ্রামের সরকারি খতিয়ানভুক্ত জমির ১৫ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্হানীয় সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। সাজ্জাদ হোসেন বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ ইটাপাড়া গ্রামের মৃত চান মন্ডলের ছেলে।
স্হানীয়রা জানান, রামগাঁ ইটাপাড়া গ্রামের সরকারি খতিয়ানভুক্ত জমিতে বাড়ি নির্মান করবে বলে সেখানে থাকা ১৫ টি আমগাছ কেটে ফেলেন সাজ্জাদ হোসেন। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, আমগাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে।
স্হানীয় মোহব্বত হোসেন বলেন, জমিটা খাস জমি। কি কারণে গাছ কাটছে তা আমার জানা নেই। তবে লোকমুখে শুনেছি এখানে সাজ্জাদ হোসেন বাড়ি করবে।
সাজ্জাদ হোসেনের স্ত্রী বলেন, খাস জমি হলেও একজনের কাছ থেকে কিনে নিয়েছি। বাড়ি করবো বলে গাছ কাটা হয়েছে।
সাজ্জাদ হোসেন বাড়ি না থাকায় মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।