এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এই শাস্তি দেয়া হয়।
সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী চট্টগ্রামের জেলা প্রশাসক মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।
এতে আরও বলা হয়, বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
চট্টগ্রামের জেলা প্রশাসক কে আদেশের সেই অনুলিপি ও দেয়া হয়।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মুজিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার জায়গায় প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।