• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বর্ষার ভরা মৌসুমে পানি সংকট, বিপাকে বাগাতিপাড়ার কৃষকরা,

দিনকাল বিডি ২৪ / ৬২ Time View
প্রকাশঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃসাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

দেশের বিভিন্ন অঞ্চল ভরা বর্ষার বন্যায় ভাসছে। কোথাও পানির নিচে তলিয়ে গেছে ফসলের মাঠ, আবার কোথাও মানুষ পানিবন্দি। অথচ ঠিক তার উল্টো চিত্র নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। আষাঢ়-শ্রাবণের বর্ষার এই ভরা মৌসুমেও সেখানে বৃষ্টির দেখা নেই, পানির অভাবে ফেটে চৌচির অনেক কৃষিজমি।
যুগ যুগ ধরে বর্ষার জমে থাকা পানির ওপর নির্ভর করেই এ উপজেলার কৃষকরা রোপা আমন ধানের চারা রোপণ থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত আবাদ কাজ পরিচালনা করে আসছেন। কিন্তু এবার উপজেলায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সেই চিরচেনা চিত্র বদলে গেছে। মাঠে পানি না থাকায় রোপা আমন মৌসুমের প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা এ অঞ্চলের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মৌসুমে জমি তৈরি থেকে শুরু করে চারার বেড তৈরি, চারা রোপণ এবং ধান পাকার আগ পর্যন্ত বর্ষার পানির ওপর নির্ভর করেই সেচের প্রয়োজন মেটান তারা। কিন্তু চলতি বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পানি জমেনি কোনো জমিতে। এমনকি নিচু জমিগুলোও এবার পানিশূন্য।
কৃষকদের দাবি, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক খাল-বিল ও জলাশয়ে প্রয়োজনীয় পানি জমেনি। ফলে বর্ষার পানির ওপর নির্ভরশীল আমন চাষিরা এবার শুরু থেকেই অনিশ্চয়তার মুখে পড়েছেন। অনেক কৃষক সেচের পানি ব্যবহার করে রোপা আমন ধানের চারা তৈরি করলেও বৃষ্টির অভাবে জমিতে পানি না থাকায় নির্ধারিত সময়ে চারা রোপণ করতে পারছেন না।
এতে অনেক চারাই রোপণের বয়স অতিক্রম করছে। আবার অনেকে সেচ দিয়ে চারা রোপণ করলেও জমিতে একটুও পানি নেই। একদিকে সেচের ওপর নির্ভরতা বাড়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, অন্যদিকে অতিরিক্ত খরচের আশঙ্কায় অনেক কৃষক এখনো বৃষ্টির অপেক্ষায় জমি ফেলে রেখেছেন।
কৃষকদের ভাষ্য, দ্রুত বৃষ্টি না হলে সময়মতো চারা রোপণ ব্যাহত হবে। আর রোপণের পরও পর্যাপ্ত পানি না থাকলে জমিতে আগাছার প্রকোপ বাড়বে, যা ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে বাগাতিপাড়া উপজেলায় ৬ হাজার ৩৭৩ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ১৯ মেট্রিক টন। গত বছরও উপজেলার ৬ হাজার ৩৭৩ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছিল এবং মোট উৎপাদন হয়েছিল ২৩ হাজার ১৯ মেট্রিক টন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি এলাকায় গিয়ে দেখা যায়, গত বছর কিংবা তার আগের বছরগুলোতে এ সময় যেসব জমিতে হাঁটুসমান পানি জমে থাকত, সেসব জমিতে এখনো শুকনো মাটির ঢেলা পড়ে রয়েছে। যে মাঠগুলো বর্ষা মৌসুমে সারি সারি সবুজ রোপা আমন ধানের চারায় ভরে থাকার কথা, সেসব জমিতে এখনো অনেক জায়গায় পাট দাঁড়িয়ে আছে।
বৃষ্টির অভাবে পর্যাপ্ত পানি না থাকায় কৃষকরা পাট কাটতে পারছেন না। তাদের আশা ছিল পাট কাটার পরপরই ওই জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করবেন। কিন্তু বৃষ্টির অভাব ও পানির সংকটের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
উপজেলার জামনগর ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম (৫০) বলেন, “আমাদের এলাকায় রোপা আমন চাষের প্রাণই হলো বর্ষার পানি। এই পানি থাকলে আলাদা করে বেশি সেচ দিতে হয় না। কিন্তু এবার মাঠে পানি নেই। এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে জমিতে বীজ থেকে চারা দিতে পারেননি। এখন যদি ভালো বৃষ্টি না হয়, তাহলে সময়মতো চারা লাগানো কঠিন হবে।”
উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের কৃষক মিন্টু আলী (৩৭) বলেন, “ভরা বর্ষায় মাঠে পানি নেই। এমন অবস্থা আগে খুব একটা দেখিনি। পানি না পেলে অনেক জমি হয়তো অনাবাদি থেকে যাবে। একদিকে সময় চলে যাচ্ছে, এখনো বৃষ্টির দেখা নেই।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. ভবসিন্ধু রায় বলেন, “এ বছর প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার নিচু জমিতেও পর্যাপ্ত পানি জমেনি। এতে রোপা আমন ধানের চারা রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। কৃষকদের জমির অবস্থা বিবেচনা করে সেচের মাধ্যমে প্রয়োজনীয় আর্দ্রতা নিশ্চিত করে সময়মতো চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে আমরা আশা করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category