জেলা প্রতিনিধি, জামালপুর :
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এতে সরকারের স্বাস্থ্য বিভাগের পূর্বঘোষিত ১২ অক্টাটোবর থেকে টাইফয়েড টীকাদান কর্মসূচি ব্যাহত হবার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক, বিজ্ঞান ও যোগ্যতা নির্ধারণ অনুযায়ী ১৪ তম গ্রেডে নিয়োগ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেড প্রদান নিশ্চিত, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সহকারির পদকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবির নিমিত্তে ১ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন।
১ অক্টোবর থেকে পূজা ও সাপ্তাহিক ছুটি থাকায় এই পূর্ণাঙ্গ শাটডাউনের তেমন একটা প্রভাব না পড়লেও শনিবার অফিস খোলা থাকায় স্বাস্থ্য সহকারিদের এই কর্মবিরতিতে দৈনন্দিন কাজের ওপর প্রভাব ফেলছে। বিশেষ করে পূর্ব ঘোষিত ১২ অক্টোবর থেকে সারা দেশে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির ওপর নেতি বাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, উপজেলার ২৮৩ টি স্কুল ও ২০৭ টি মাদ্রাসার ৯মাস থেকে ১৫ বছর বয়সী ৫৩,২৮৫ জন শিক্ষার্থীসহ কমিউনিটি পর্যায়ের আরো ২৮,০৪৮ জন শিশু নিয়ে মোট ৮১,৩৩৩ জন শিশুকে টাইফয়েড টীকা প্রদানের টার্গেট রয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৫০ জন স্বাস্থ্য সহকারি, ৯ জন সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও ১ জন স্বাস্থ্য পরিদর্শকসহ মোট ৬০ জন স্বাস্থ্য বিভাগের কর্মচারী তাদের দৈনন্দিন কাজ বন্ধ রেখে হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করছেন। তাদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে টাইফয়েড টিকা প্রদানের আগে অনলাইনের জরিপ, মাঠ পর্যায়ের স্বাস্থ্য শিক্ষা প্রদান, সাপ্তাহিক টিকা প্রদান ও টিসিভি টিকার প্রচার-প্রচারণার কাজ। এতে করে সরকারের হাতে নেয়া টাইফয়েড টিকাদানের কর্মসূচি সফল বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা হতে পারে।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মো: মতিয়র রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান মাহমুদ বলেন, ১৯৭৯ সালে পদ সৃষ্টি হওয়ার পর থেকে তারা প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছেন। কিন্তু তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা কেন্দ্র ঘোষিত অনির্দিষ্টকালের এই কর্মবিরতি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের সকল কর্মকাণ্ড বন্ধ রেখেছেন।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক জানান, স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি চলতে থাকলে ১২ অক্টোবরের টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির ওপর প্রভাব পড়বে। তিনি জানান, তাদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। তিনি আশা করছেন, টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির আগেই স্বাস্থ্য সহকারিদের ৬ দফা দাবির ব্যাপারে একটি সুষ্ঠু সমাধান পাওয়া যাবে।#
ক্যাপশন: জামালপুরের মেলান্দহে ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি।