মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
কর্মচারীর প্রতি ভালোবাসা থেকে তাঁর গ্রাম দেখতে সম্প্রতি সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশে এসেছেন সৌদি নাগরিক আবু নাসের।
তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে এসে নিজ কর্মীর স্বজনদের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ হচ্ছেন। কর্মীর প্রতি ভালোবাসা থেকে এবং বাংলাদেশের গ্রামীণ পরিবেশ দেখতে তিনি এ ভ্রমণ করছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, আবু নাসের বরশী দিয়ে পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করছেন, জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা দেখছেন, গ্রামীন পরিবেশে গরু-ছাগল, হাঁস-মুরগি পালন দেখে তিনি অনেক আনন্দিত হচ্ছেন। স্থানীয় বাজার থেকে নিজে ঘুরে ঘুরে বিভিন্ন শাক-সবজি কিনছেন। এসময় দুভাষী হিসেবে তাকে সহযোগিতা করছেন প্রবাসী দেলোয়ারের চাচা আব্দুস সাত্তার।
এসময় সৌদি নাগরিক আবু নাসেরের সাথে কথা হলে তিন বলেন, আমাদের কর্মচারী দেলোয়ার ও মনির আমাদের খুবই আস্থাশীল। তাদের আমি অনেক ভালোবাসি। দীর্ঘদিন কাজ করার সুবাদে আমরা তাঁর সততা ও কাজের দক্ষতার কারণে তাদের ওপর আস্থা রাখি। তাদের ভালোবাসার টানে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। তাদের পরিবারের লোকজন অনেক ভালো। সৌদিতে বাংলাদেশের কর্মজীবীদের কার্যকলাপ অনেক ভালো। তারা অনেক পরিস্কার-পরিচ্ছন্ন। আমরা তাদেরকে আমাদের পরিবারের সদস্যদের মতোই মনে করি, তাদের নিজের সন্তানের মতো করে ভালোবাসি। তারাও আমাদের অনেক ভালোবাসে। এখানে যা দেখছি সবাই কাজকর্ম করে, মুরগির ফার্ম আছে, ক্ষেতখামার আছে, নিজেরাই মাছ চাষ করে, কোন তরকারির জন্য হোটেলে যাওয়া লাগে না। আর আমাদের এসবের জন্য অন্যের মুখাপেক্ষী থাকতে হয়। এবিষয় গুলো আমার খুব ভালো লাগছে, উপভোগ করছি।
দেলোয়ারের বাবা মিন্টু মিয়ার সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন, আমার দুই ছেলের কাজের সুবাদে তাদের মালিক একজন সৌদি নাগরিক আমাদের মতো এমন অজপাড়াগাঁয়ের গরীবের বাড়িতে বেড়াতে আসবেন তা আমার কল্পনাতেও ছিল না। আমার অনেক ভালো লাগছে, গর্ববোধ করছি। আমার ছেলেদের সততা, আন্তরিকতা ও ভালোবাসায় উনার মতো একজন মানুষ আজ আমাদের বাড়িতে অবস্থান করছেন। বাবা হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি ও খুশির বিষয় আর কি হতে পারে। উনি আটদিন আমাদের এখানে থাকবেন। আমরা চেষ্টা করছি উনি যেনো বাংলাদেশ ও এদেশের মানুষ সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারেন। উনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্কটা যেনো আরও সুদৃঢ় হয়।
মোবাইল ফোনে সৌদি প্রবাসী দেলোয়ারের সাথে কথা হলে তিনি বলেন, মালিক এবং আমাদের একসাথে কোথাও যাওয়ার সুযোগ না থাকায় আমাদের মালিক একাই গত ৬ সেপ্টেম্বর আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমার পরিবারের লোকজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উনাকে বরণ করে নিয়ে গেছেন। আশা করি আমাদের গ্রাম ও গ্রামীণ পরিবেশ দেখে উনার ভালো লাগবে। এতে করে আমাদের মালিক-শ্রমিকের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভ্রমণ শেষে আগামী ১৪ সেপ্টেম্বর উনার নিজ দেশ সৌদি আরবে ফেরার কথা রয়েছে।