এম, এ কাশেম : চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব কিছু করবে প্রশাসন। অন্যান্য উপজেলার চেয়ে বাঁশখালীতে প্রশাসনিক কঠোরতা এবং নজরদারি থাকবে বেশি। কোনো বহিরাগত থাকতে পারবে না নির্বাচনকালীন। এসময় লাইসেন্সবিহীন কোনো মোটরসাইকেল চলতে দেয়া হবে না। তিনি সাংবাদিকদের প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। বাঁশখালী থানার ওসিকে এক প্রার্থীর হুমকির বিষয়ে করা সাধারণ ডায়েরি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনাল তদন্ত করছে।
গতকাল শনিবার বিকেলে বাঁশখালী থানা হলরুমে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন জেলা পুলিশ সুপার। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিবির অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদারসহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।
মতবিনিময়কালে বাঁশখালীর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির প্রতিনিধি, ডাব প্রতীকের কংগ্রেস প্রার্থী জিল্লুল করিম শরীফি, কুঁড়েঘর প্রতীকের ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল, আম প্রতীকের এনপিপির প্রার্থী মামুন আবছার চৌধুরী, ইসলামী ঐক্যজোটের শফকত হোসেন চাটগামীর পক্ষে প্রতিনিধি, ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরীর পক্ষে তার প্রতিনিধি, আবদুল মালেক আশরাফীর চেয়ার প্রতীকের প্রতিনিধি এবং বেঞ্চ প্রতীকের মো. খালেকুজ্জামানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।