এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি পথের যাত্রায়ও চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পায়নি বিআরটিএ এর কর্তারা।
মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম মহানগরীর দামপাড়া, অলংকার মোড়, একে খান, সিটি গেট ও ভাটিয়ারীতে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন শেষে এমন তথ্য জানান বিআরটিএ কর্মকর্তারা।
এ সময় রেজিস্ট্রেশন সহ হালনাগাদ ডকুমেন্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন যানবাহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রান্তিক পরিবহনের একটি বাস জব্দ করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।
তিনি বলেন, কোরবানির ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন বাস স্টেশন পরিদর্শন ও অভিযান চালানো হয়। অভিযান কালে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ সময় চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
মিকি মারমা আরও বলেন, অভিযানে বিভিন্ন অপরাধে তিন যানবাহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় প্রান্তিক পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।