এম, এ কাশেম, চট্টগ্রাম :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল’র তান্ডব লীলা থেকে যান-মাল বাঁচানোর চেষ্টা স্বরূপ তা করতে বাধ্য হতে হয়েছে।
আজ রোববার সকালে ঘূর্ণিঝড় ‘রিমাল’ নিয়ে দেয়া ১০ নং বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নং মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নতুন করে ৯ নং বিপদ সংকেত দেখাতে হবে। মহাবিপদ সংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা আরো জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।