এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের একটি আবাসিক ভবনে লকার কেটে এক সিএন্ডএফ ব্যবসায়ির বাসা থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর বায়েজিদ থানার আমিরবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বাড়ির মালিক সারওয়ার আলম খান সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার রাত ২ থেকে ৩ টার মধ্যে দুর্বৃত্তরা আমার বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে লকার কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে জানিয়েছি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ও জানান দেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। গত বছরের ১৭ ডিসেম্বর নগরীর ষোলশহর এলাকার ‘ফিনলে স্কয়ার’ ভবনে বসবাসরত: এক দুবাই প্রবাসীর বাসা থেকে চুরি হয় ১০০ ভরি সোনা। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জানুয়ারি চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এবং উদ্ধার করা হয়েছে ১০০ ভরি সোনা।
এরপর গত ২৬ জানুয়ারি নগরীর কোতোয়ালি থানার হাজারি লেইন মিয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার ৯ নং দোকানের তালা ভেঙে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল।