নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত: সাতজন।
২৭ মার্চ (বুধবার) দুপুরের দিকে কলেজের বাংলা বিভাগের সামনে প্রথমে হাতাহাতি হয় এবং পরে তা সংর্ঘষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষর ঘটনা ঘটে। বাংলা বিভাগে অনার্সে ভর্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্ততজন: সাত জন।
আহতরা হলেন- মঈনুল ইসলাম, ওয়াহিদুল রহমান সুজন, আমিন ফয়সাল বিদ্যুৎ, তৌহিদুল করিম ইমন ও মো. জাহিদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে পাওয়া তথ্য এ ঘটনার আদ্যপান্ত জানা গেছে। আহতরা সবাই ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘সংঘর্ষের ঘটনা ঘটেনি। সিনিয়র জুনিয়রদের মধ্যে টুকটাক সমস্যা হয়েছে। আমি ও আমার সেক্রেটারি গিয়ে মিটমাট করে দিয়েছি।’
চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সারওয়ার আজম বলেন, ‘সভাপতি মাহমুদুল করিমের গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে দুয়েকজন আহত হয়েছেন বলে জানতে পারি। ’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কলেজে সামান্য ঝামেলা হয়েছে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’