নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর এমইএস কলেজের ছাত্র শাওন বড়ুয়া (২৫) কে ছুরি মেরে খুন করা হয়েছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকার অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে খোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাওন বড়ুয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের শিলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে। সে ওমরগণি এমইএস কলেজের অনার্সে অধ্যয়নরত: ছিলো।
চান্দগাঁও থানার এসআই রিয়াদ সালেহীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের বুক সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তবে, ময়নাতদন্তের পর নিশ্চিত ভাবে বলা যাবে শরীরের কোন্ কোন্ অংশে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মামলার তদন্তে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে ও মন্তব্য করেন।