নিজস্ব প্রতিবেদক ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে যাতায়াতের রাস্তার জায়গায় সীমানা খুঁটি বসিয়ে মার্কেট তৈরির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় অধিবাসীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়তে হয়েছে অনেক নারী-পরুষকে।
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (রাত ৯ টা) পর্যন্ত তীব্র যানজট না থাকলেও থেমে থেমে গাড়ি চলছে বলে প্রত্যেকদর্শীদের কাছ থেকে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় অধিবাসীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে এবং ভাটিয়ারী সংযোগ সড়কের পূর্ব পাশে ২১ ফুট প্রশস্ত মাহাতাব বিবি সড়ক। স্থানীয় কয়েক গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করেন। পুরোনো এ সড়কটি দুই বছর আগেও সরকারি অর্থায়নের সংস্কার করা হয়েছে। সম্প্রতি ওই স্থানে মার্কেট নির্মাণ করতে বেইজ পিলার স্থাপন করা হয়েছে। অর্ধশতো সেমিপাকা দোকান নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছে।
চট্টগ্রাম থেকে উত্তর মুখী একাধিক যাত্রী জানান, শহরের সিটি গেট থেকে বারইয়ারহাট যেতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। ভাটিয়ারী এলাকায় যানজটে আটকা পড়েন অনেকেই।
এ বিষয়ে সীতাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সীমানা খুঁটি তুলে দেয়া হয়েছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ থাকবে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বলেন, প্রশাসনের আশ্বাসে দুপুর ২টার দিকে স্থানীয় অধিবাসীরা অবরোধ তুলে নেন। তার পর ও থেমে থেমে গাড়ি চলছে।