মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার
পদে স্বেচ্ছাসেবী নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
করা হয়েছে। রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও
স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি আখতার জাহান সাথী এবং উপজেলা
সমাজসেবা অফিসার (অঃ দাঃ) ও সদস্য সচিব মোঃ আল মাসুদ রানা যৌথ
স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার ১৪টি ইউনিয়নের ফলাফল ও শর্তাবলী প্রকাশ
করেন।
তবে ফলাফল প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরীক্ষার্থীদের
মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে উত্তীর্ণ প্রার্থী ও
তাদের স্বজনরা অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন, অন্যদিকে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ক্ষুব্ধ পরীক্ষার্থী ও স্থানীয়
বাসিন্দা ফলাফল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পোস্ট ও কমেন্ট করছেন। অনেকের
দাবি, মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন না করে স্বজনপ্রীতি কিংবা অনিয়মের
আশ্রয় নেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই ফলাফল পুনঃমূল্যায়নের দাবি জানিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
তবে সকল বিতর্ক কাটিয়ে অনেকে আবার মেধার ভিত্তিতে নির্বাচিতদের
অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদেরই বেছে
নেওয়া হয়েছে এবং নতুন নিয়োজিত স্বেচ্ছাসেবীরা মাঠ পর্যায়ে নির্ভুল তথ্য
সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সঠিক ও নির্ভুল খানা তথ্যভাণ্ডার
(ঐড়ঁংবযড়ষফ উধঃধনধংব) তৈরির লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য
কাগজপত্র যাচাই-বাছাই এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীর
চূড়ান্ত, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়। প্রকাশিত এই ফলাফল মান্দা
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ওয়েবসাইট
(িি.িসধহফধ.হধড়মধড়হ.মড়া.নফ) এবং উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের
ওয়েবসাইটে (িি.িফংং.সধহফধ.হধড়মধড়হ.মড়া.নফ) পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য কয়েকটি কঠোর শর্তাবলীও জুড়ে দেওয়া হয়েছে। এর
মধ্যে রয়েছে এটি সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ যা কেবল জরিপকালীন মেয়াদের
জন্যই প্রযোজ্য হবে। প্রার্থীদের উপজেলার যে কোনো ইউনিয়নের যে কোনো
ওয়ার্ডে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং কোনো পছন্দ তালিকা
গ্রহণযোগ্য হবে না। এছাড়া তথ্য জালিয়াতি, ভুয়া সনদ প্রদান কিংবা
জরিপকালীন পরিবারগুলোকে ভয়ভীতি দেখানো বা অনৈতিক সুবিধা দাবি করার
অভিযোগ উঠলে তাৎক্ষণিক বরখাস্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা
হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির
সভাপতি আখতার জাহান সাথী এবং সদস্য সচিব ও সমাজসেবা অফিসার মোঃ
আল মাসুদ রানা জানান, শতভাগ নিরপেক্ষতা ও বিধিমোতাবেক মেধার ভিত্তিতেই
ফলাফল প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি
বাস্তবায়নে সকলকে শর্তাবলী মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান
তারা।