এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বিজিবি মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘নির্বাচনের দিন নাশকতা কিংবা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক কঠোর অবস্থানে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’
শনিবার ( ৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে বিজিবি’র বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, এ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা বর্ডারের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করি। আইনশৃঙ্খলা রক্ষা করাও বিজিবির দায়িত্ব। এ বছরের নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আইনশৃঙ্খলার অবনতি না হয়—সে সব বিষয় মাথায় রেখে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে।
‘৭ জানুয়ারি নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার ঘটনা না ঘটে এবং লোকজন যাতে ভোট দিতে নিরাপদ বোধ করে—সে বিষয়গুলো আমরা নিশ্চিত করবো।’
বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।