এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্হল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর গ্রামের দক্ষিণে এবং রেলওয়ে লোকোমোটিভ কারখানার উত্তরের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমিতে পড়ে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
নিহত যুবক উপজেলার মন্মথপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৈবর্তপাড়া এলাকার অমল চন্দ্র দাসের ছেলে দিপক চন্দ্র দাস (২২) বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি আনুমানিক দুই থেকে তিন দিন আগে মারা গেছেন। নিহতের বাবা অমল চন্দ্র দাস জানান, তার ছেলে গত ২৬ মে থেকে নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।