এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পার্বতীপুর পৌরসভার নির্বাচন। আগামী ২রা নভেম্বর ভোট। এই নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌরসভা এলাকা। পোষ্টার ও ব্যানারে ছেয়ে দেওয়া হয়েছে। চলছে মাইকিং,মিটিং মিছিল আর দ্বারেদ্বারে ভোট প্রার্থনা। নানা কৌশলে ভোট চাচ্ছেন প্রার্থীরা।ভোটারদের মাঝের আগ্রহের শেষ নেই। সব মিলিয়ে জমে উঠেছে এবারের নির্বাচন।
দেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ উপজেলা পার্বতীপুর। এই উপজেলার রেলওয়ে জংশনের বদৌলতে ৯ টি ওয়ার্ড নিয়ে গড়ে উঠা প্রথম শ্রেণির পৌরসভা পার্বতীপুর। ১৯৭২ সালে স্থাপিত এই পৌরসভাটিতে সীমানা জটিলতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভোটাধীকার বঞ্চিত ছিল পৌরবাসী। ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দীর্ঘ দিন পরে আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভার নির্বাচন। দীর্ঘ প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের আগ্রহের শেষ নেই। ৬ অক্টোবর বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এটাই ছিল শেষ দিন । এই নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী মনোনয়ন প্ত্র জমা দেন। এর মধ্যে বাছাইয়ে বাতিল ও প্রত্যাহারের পর চুড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৬০ জনে। এদের মধ্যে ২ জন মেয়র,১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ৪০ জন সাধারণ আসনের কাউন্সিলর। এই ৬০ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে ১ জন মেয়র,৩ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ৯ জন সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচিত হবেন। পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন (মার্কা নৌকা)। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, সহ-সভাপতি আব্দুল ওহাব সরকার, সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, সাংগাঠনিক সম্পাদক মামুনূর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মামুনূর রশীদ মামুন সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীরা। একই দিন মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক (স্বতন্ত্র) তাঁর মার্কা নারিকেল গাছ। তিনি মূলত বিএনপি পন্থী। ইভিএমের মাধ্যমে চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ২রা নভেম্বর।
পার্বতীপুর পৌরসভার সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ২৭ জানুয়ারী। এবারের ২০২২ সালের নির্বাচনে পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৩ হজার ৩৯৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ৪৭২ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার ৯২৭ জন। ১৩ টি ভোট কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পৌরসভার নির্বাচন।
এদিকে পার্বতীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রেখে সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্নকরণে সকল প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবারের নির্বাচনে নারিকেল গাছ মার্কার স্বতন্র মেয়র প্রার্থী এজেডএম মেনহাজুল হকের নির্বাচনী প্রচারণায় তেমন কোন তৎপরতা লক্ষ্য করা না গেলেও নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী মোঃ আমজাদ হোসেন। তাঁর স্বপক্ষে প্রতিদিনই হচ্ছে পথসভা,মিটিং আর মিছিল। পথসভা, মিটিং আর মিছিলে মানুষের ঢল নামছে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠছে পাড়া মহল্লা। হাজার হাজার মানুষ তাঁর স্বপক্ষে কাজ করছে। সমাজের সকল শ্রেনীর মানুষ এবার মাঠে নেমে পড়েছে। তাঁদের একটাই কথা আমজাদ হোসেন কে মেয়র হিসেবে দেখতে চাই।