হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার শেষ দিনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাজিনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন মন্ত্রী।
এসময় মন্ত্রী পূজা উদযাপন কমিটির সদস্য এবং পূজায় আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় ও পূজার সার্বিক খোঁজ খবর নেন।
কুশল বিনিময়কালে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে।
এসময় নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, হাজিনগর মন্দির কমিটির সভাপতি বিভূতি ভূষণ, জীবন মজুমদার, বিশাল মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী দূর্গাপুজা উপলক্ষ্যে দরিদ্র অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।