স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। গতকাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের রনজয়তলা নামক স্থানে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে যায়। এ বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে মুহুর্তের মধ্যে বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়ায় এলাকার নিচু অঞ্চলের বেশ কিছু বসতবাড়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ইট ভাটাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলীয়ে গেছে। এছাড়াও বন্যার পানি ঢুকে নিচু অঞ্চলের উল্লেখযোগ্য পরিমান জমিতে রোপিত আমন ধান ক্ষেত পানির নিচে তলীয় আছে। এ বাঁধটি ভেঙ্গে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এবং সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল ঘটনাস্থলে উপস্থিত থেকে ভেঙ্গে যাওয়া বাঁধে বালুর বস্তা ফেলে বাঁধ মেরামতের চেষ্টা করছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহামুদুল জাকি বলেন, মহাদেবপুরের এই পয়েন্টে আত্রাই নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।