স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে টিনের ঘরসহ স্থাপনা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি শুক্রবার ঝিন্টু রহমান বাদী হয়ে থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মহাদেবপুর মৌজায়। অভিযোগে প্রকাশ দীর্ঘদিন ধরে উপজেলা সদরের কলাবাগান এলাকার বাসিন্দা মৃতঃ মতিয়ার রহমানের পুত্র ঝিন্টু রহমানের সঙ্গে দুলালপাড়ার বাসিন্দা তাইজুল ইসলাম ও আনিছুর রহমান গং এর জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে এ মৌজার ২৫৯ নং খতিয়ানের ৯০৩ ও ৯০৫ দাগের ০৬৫০ জমির ওপর ঝিন্টু রহমানের নির্মাণকৃত টিন সেড ঘরসহ স্থাপনা গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন এবং সেই সঙ্গে তারা ওই জমি দখলে নেয়। এ ঘটনায় ঝিন্টু রহমান বাদী হয়ে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছে।অভিযোগের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন তদন্ত পুর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।