স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে লাল কাগজে মোড়ানো ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল ৩ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী র্যাব-৫ এর একটি বোমা বিশেষজ্ঞ দল ওই বস্তুটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যান।
উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন তাকে ওই ঘটনাটি জানালে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। এখবর পেয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিজিবি জওয়ানরা ঘটনাস্থল ঘেরাও করে রাখেন। এরপর র্যাব-৫ রাজশাহীর কমান্ডিং অফিসার লে: কর্ণেল মুনিম ফেরদৌস এসজিপি পিএসসি এসি এর নেতৃত্বে র্যাবের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসেন।
তারা ককটেল সদৃশ্য এ বস্তুটি উদ্ধার করে নিস্ক্রিয় করার জন্য নিয়ে যান। এসময় র্যাবের কমান্ডিং অফিসার উপস্থিত সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে। সেটির অধিকতর পরীক্ষা করা হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন নাশকতার আশংকা নাই এবং কেউ নাশকতার চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবেনা বলেও জানান।
মহাদেবপুর থানার ওসি জানান, এব্যাপারে থানায় কোন মামলা হয়নি। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হক, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রমুখ।