নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয়
তৈরি চোলাই মদসহ সুরভি (২৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা
হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার ৫ নম্বর
গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুরভি উপজেলার উত্তর কাঞ্চন গ্রামের রেশমার স্ত্রী। পুলিশ সূত্রে
জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে
মান্দা থানা-পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। উপপরিদর্শক
(এসআই) পুলক সরকার, এসআই নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই)
আসাদুজ্জামান ও এএসআই রবিউলের সমন্বয়ে গঠিত দল কাঞ্চন গ্রামের নিজ
বাসা থেকে সুরভিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি সুরভি দীর্ঘদিন ধরে নিজ
বাড়িতে অস্বাস্থ্যকর, দুর্গন্ধযুক্ত ও বিষ্ঠা মিশ্রিত পরিবেশেই অবৈধভাবে দেশীয়
চোলাই মদ তৈরি করে আসছিলেন। পরবর্তীতে সেই মদ বিভিন্ন কোল্ড ড্রিংকসের
খালি বোতলে ভরে গোপণে স্থানীয় এলাকায় বিক্রি করতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম
জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ লিটার চোলাই মদ উদ্ধারসহ
আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দের পর নিয়ম অনুযায়ী
জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় সুরভির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে মান্দা থানা-পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে
উল্লেখ করে ওসি আরও বলেন, দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব চোলাই
মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে
পুলিশের এই অভিযান নিয়মিত চলবে।