নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ন দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিজ মেয়েকে নিয়োগের পাঁয়তারা ও বিভিন্ন প্রার্থীর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগ এনে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ জাকির হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সুপারেনটেনডেন্টের ছোট মেয়ে উম্মে আখি আক্তারকে নিয়োগ দিতে সকল প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এছাড়া পিয়ন পদে আজিজুল ইসলাম ও শাহীন আলমসহ একাধিক প্রার্থীর সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এমনকি আফজাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়োগের কথা বলে মোটা অঙ্কের টাকা নিলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর দাবি, নিয়োগ বিজ্ঞপ্তিটি যথাযথভাবে প্রচার না করে গোপনীয়তা রক্ষা করা হয়েছে এবং পরিচালনা কমিটির অনেক সদস্যকে অন্ধকারে রেখেই এই কার্যক্রম চালানো হচ্ছে। আরও গুরুতর অভিযোগ উঠেছে যে, দীর্ঘ প্রায় ৬ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকা এক কর্মচারীর নামে নিয়মবহির্ভূতভাবে বেতন উত্তোলন করা হচ্ছে, যা বড় ধরনের আর্থিক অনিয়ম।
অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপারেনটেনডেন্ট বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি বিধিমালা অনুসরণ করা হচ্ছে।”
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “চকহরিনারায়ন দাখিল মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত করে এর সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ কার্যক্রম স্থগিত করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন।