নওগাঁ প্রতিনিধিঃ
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও মান্দা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আলিফ উদ্দিন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের আরও বেশি মনোযোগী হতে হবে। দেশীয় প্রজাতির মাছের চাষ ও প্রজনন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অনেক মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।
আলোচনা সভা শেষে সফল তিন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।