এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় সংঘটিত ৭ বছরের শিশুর ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
বুধবার (২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (পুরাতন) এর চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট পৌর বাজারের বিভিন্ন সড়ক ও প্রধান সড়ক (ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক) প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। প্রতিবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেনের নির্দেশনায় যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের নের্তৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজী আরিফ, সাধারণ সম্পাদক নয়ন, ২নং ওয়ার্ড সভাপতি ইমন দাশ, সাধারণ সম্পাদক নাদির, সাফায়েত, রিয়াজ ও তুহিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।
বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন এ প্রতিনিধি কে জানান, আমার সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় উক্ত কর্মসূচি পালন করা হয়েছে। তিনি বলেন, আর যা-ই হোক মাত্র ৭ বছর বয়সী একটা ছোট্ট শিশুর লাইফ ধ্বংস কারীকে আমরা কোনো ভাবে সমর্থন করতে পারি না। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উক্ত ধর্ষণ কারীর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।