মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে সাধারণ
শ্রমিকদের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন
শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নগরীর আমজাদের
মোড়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের
গ্রেপ্তারসহ দুই দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসের সুপারভাইজার
সপন। তিনি অভিযোগ করেন, বাসচালক লিটন শ্রমিকদের
একটি সমস্যা নিয়ে আলোচনার জন্য শ্রমিক নেতা
ফেরদৌসের কাছে গেলে সমাধানের পরিবর্তে তাকে ও তার সঙ্গে
থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে
লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে সেদিন সন্ধ্যায় সাধারণ
শ্রমিকরা বিক্ষোভে নামেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেল
৫টার দিকে ফেরদৌস ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির
নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা
চালানো হয়। হামলাকারীরা পিস্তল থেকে গুলি ছোড়ে এবং ককটেল
বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন শ্রমিক
আহত হয়েছেন বলেও দাবি করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, এ
ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংবাদ
সম্মেলন থেকে তাদের দুই দফা দাবি তুলে ধরা হয়Ñ২৪ ঘণ্টার মধ্যে
ফেরদৌস ও রফিকুল ইসলাম পাখিসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং
ইউনিয়নের বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ নিশ্চিত
করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। নির্বাচনে
যে পক্ষ বিজয়ী হবে, তাকে মেনে নেওয়ার কথাও জানান তারা।
দাবি পূরণ না হলে শুক্রবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য
শ্রমিক কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি
প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান
জানান শ্রমিকরা।
সংবাদ সম্মেলনে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও
বর্তমান ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। শ্রমিকদের দাবি,
সাধারণ শ্রমিকদের জানমাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর
রহমান বলেন, বিষয়টি শ্রমিকদের অভ্যন্তরীণ। তবে কোনো
ফৌজদারি অপরাধ সংঘটিত হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান
তিনি।#